প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরু হলো। যুদ্ধ, জ্বালানি নিরাপত্তার উদ্বেগ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা এবং যুক্তরাষ্ট্রের জলবায়ু সহযোগিতা থেকে সরে যাওয়ার প্রেক্ষাপটে আজ সোমবার (৯ নভেম্বর) তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের শহর আন্তালিয়ায় দুই সপ্তাহব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশসহ প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করছেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে বিভিন্ন দেশ তেলের সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের চাহিদা মেটাতে অনেক দেশ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করছে।
অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারে বিদ্যুতের চাহিদা বাড়ছে। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় বছরের মতো জলবায়ু সহযোগিতা থেকে দূরে রয়েছে।
পর্যবেক্ষকদের মতে, এমন পরিস্থিতিতে সম্মেলনের আয়োজক তুরস্কের জন্য শক্তিশালী কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে উঠতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশনীতি বিভাগের অধ্যাপক জন হোলড্রেন মন্তব্য করেন, ‘আশাবাদী হওয়া কঠিন।’
এবারের সম্মেলনের সভাপতি হিসেবে তুরস্কের মূল লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশের বেশি বিদ্যুতায়নের আওতায় আনা। বর্তমানে এ হার প্রায় এক-পঞ্চমাংশ। এ লক্ষ্য বাস্তবায়নে সমর্থন জানিয়ে দেশগুলোর প্রতি একটি অঙ্গীকারনামায় স্বাক্ষরের আহ্বান জানিয়েছে তুরস্ক।
তাত্ত্বিকভাবে এ উদ্যোগ বাস্তবায়িত হলে জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহন, চুল্লি, বয়লার, রান্নার চুলা এবং অন্যান্য যন্ত্রপাতির পরিবর্তে বিদ্যুৎচালিত প্রযুক্তির ব্যবহার বাড়বে। এতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো সম্ভব হতে পারে।
তবে জলবায়ু আন্দোলনকারীরা এ অঙ্গীকারের সমালোচনা করেছেন। তাদের মতে, বাড়তি বিদ্যুতের চাহিদা কম কার্বন নিঃসরণকারী উৎস থেকে পূরণ করার কোনো বাধ্যবাধকতা এতে রাখা হয়নি। ফলে শুধু বিদ্যুতায়নকেই জলবায়ু সুরক্ষায় অগ্রগতি হিসেবে বিবেচনা করা যায় কি না, তা নিয়ে সম্মেলনের শুরুতেই বিতর্ক তৈরি হতে পারে।
এদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোসহ কয়েকটি দেশের জোট জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসার বিষয়ে আরও স্পষ্ট বৈশ্বিক রোডম্যাপ তৈরির দাবি জানাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এসব দ্বীপরাষ্ট্র সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জলবায়ু সম্মেলনগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়টি দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দু।
অন্যদিকে সৌদি আরবসহ তেল ও গ্যাস উৎপাদনকারী অনেক দেশের যুক্তি, নির্গমন কমানো বা তা ধারণ করার প্রযুক্তি ব্যবহার করা হলে জলবায়ুবান্ধব জ্বালানি ব্যবস্থায়ও জীবাশ্ম জ্বালানির উল্লেখযোগ্য ভূমিকা থাকতে পারে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার চাপও বাড়ছে। জাতিসংঘের পরিবেশবিষয়ক কর্মসূচি ইউএনইপি গত অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ইতোমধ্যে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনে এই সীমা নির্ধারণ করা হয়।
চলতি বছরেও পশ্চিম ইউরোপজুড়ে একের পর এক তীব্র তাপপ্রবাহ দেখা গেছে। একই বছর নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা হয়। এতে ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।
স্বল্পোন্নত দেশগুলোর জোটের উপদেষ্টা এবং ক্লাইমেট অ্যানালিটিকসের দক্ষিণ এশিয়া পরিচালক মনজিৎ দাল মন্তব্য করেন, ‘এ বছর জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানির বছরগুলোর একটি হিসেবে প্রমাণিত হয়েছে।’
তথ্যসূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন