প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম, ২৫ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ২ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকার ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এই প্রকল্পগুলোর আওতায় সড়ক ও ড্রেন নির্মাণ, স্ল্যাব স্থাপন, সড়ক সংস্কার, সলিং, সাব-বেইজ, ম্যাকাডম, বিটুমিনাস কার্পেটিং এবং রোড মার্কিংসহ বিভিন্ন উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।
বুধবার উন্নয়নকাজ পরিদর্শন ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেন, ‘উন্নয়নকাজের গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না। ঠিকাদার যে-ই হোক, কাজের মান নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।’
তিনি আরও বলেন, গোসাইলডাঙ্গা এলাকায় ১৫ থেকে ১৬ বছর ধরে মানুষ প্রত্যাশিত উন্নয়নের ছোঁয়া পায়নি। চসিক নগরীর প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী ছয় মাস, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত সড়ক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি অলিগলির সড়ক উন্নয়ন করা হবে।
ডা. শাহাদাত হোসেন যোগ করেন, নগরবাসীর চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে সড়ক উন্নয়নের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের কাজের গুণগত মান এবং নির্ধারিত মানদণ্ড যথাযথভাবে অনুসরণের নির্দেশনা প্রদান করেন তিনি।
চসিকের বাস্তবায়িত তিনটি প্রকল্পের ফলে গোসাইলডাঙ্গা ওয়ার্ডের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন সুবিধার সম্প্রসারণ এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও আনোয়ার জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন