প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : খার্তুম, সুদানের রাজধানীতে রোববার ড্রোন হামলার ফলে বেশ কিছু বাড়িঘর এবং জাতিসংঘের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শী এবং জাতিসংঘের পক্ষ থেকে।
রোববার রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত খার্তুম বিমানবন্দর ও শহরের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এএফপি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলায় একটি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে, সুদানের সেনাবাহিনীর একটি সূত্র দাবি করেছে যে, ড্রোনগুলো ইথিওপিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
সূত্রটি এএফপিকে জানায়, ‘ভোরের ড্রোন হামলা সুদানের ভূখণ্ডে ইথিওপিয়ার আগ্রাসনের ধারাবাহিকতা। কারণ, ড্রোনগুলো ইথিওপিয়ার বাহির দার বিমানবন্দর থেকে উৎক্ষেপণ করা হয়েছে।’
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে চলমান সংঘাত চলছে। এই সংঘাতে আরএসএফকে সহায়তা করার জন্য ইথিওপিয়ার বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছে সুদানের সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে ইথিওপিয়ার ভূখণ্ড ব্যবহার করে ড্রোন হামলা চালানোর অভিযোগও রয়েছে।
যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইথিওপিয়া।
এএফপির ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় একটি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং ঘটনাস্থলটি নিরাপত্তা বাহিনী দ্বারা ঘিরে রাখা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আসবাবপত্র, গৃহস্থালির জিনিসপত্র ও পোশাক।
ওই এলাকার বাসিন্দা আল-নূর আদম এএফপিকে বলেন, হামলার পর তারা যখন বাড়িতে প্রবেশ করেন, তখন দেখতে পান, একজন ব্যক্তি বিছানায় পড়ে আছেন। তার বাঁ হাত, বুক এবং মাথায় আঘাত লেগেছে।
-আমরা এখন কোথায় যাব?-
আদম বলেন, ‘নির্বিচার ড্রোন হামলা চালানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আপনি ঘুমিয়ে থাকা অবস্থায়ও হামলার শিকার হতে পারেন। ঘুম থেকে উঠে দেখবেন, আপনার সন্তানরা আর নেই। এটি সত্যিই ভয়াবহ। কখন কী ঘটে, তা নিয়ে কেউ নিশ্চিত থাকতে পারছেন না।’
আরেক বাসিন্দা ইয়াসের হাসান জানান, হামলার শিকার বাড়ির বাসিন্দারা দীর্ঘদিন ধরে আশ্রয়ের খোঁজ করার পর সেখানে মাত্রই উঠেছিলেন।
তিনি বলেন, ‘এরপরই ড্রোন হামলা চালানো হয়। এখন আমরা কোথায় যাব?’
অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, খার্তুম থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে জেবেল আউলিয়া এলাকায় একটি মসজিদের মুয়াজ্জিনের বাড়িতেও ড্রোন আঘাত হেনেছে।
ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া পরিবারের সদস্যদের উদ্ধারে লোকজন চেষ্টা করছিলেন।’
এদিকে জাতিসংঘ জানিয়েছে, তাদের একটি স্থাপনায় হামলা হয়েছে। ওই ভবনে জাতিসংঘের কর্মীরাও অবস্থান করছিলেন।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, ‘বেসামরিক মানুষের বসবাসের একটি এলাকায় এ ঘটনা ঘটেছে।’
মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছে, জাতিসংঘের কর্মীদের এ ধরনের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সুদানের চলমান যুদ্ধে দেশটির নিয়মিত সেনাবাহিনীকে সহায়তা দিয়ে আসা সৌদি আরব এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, ‘এ ধরনের নৃশংস হামলা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’
সুদানের সেনাবাহিনীর আরেক সমর্থক মিসরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
ড্রোন হামলায় বাড়ছে প্রাণহানি
হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে চলমান সংঘাতে দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করছেন ত্রাণকর্মীরা। এই সংঘাতের কারণে বিশ্বের সবচেয়ে বড় খাদ্যসংকট ও বাস্তুচ্যুতির পরিস্থিতি তৈরি হয়েছে।
ড্রোনের ব্যাপক ব্যবহার নিয়ে জাতিসংঘ বারবার উভয় পক্ষের সমালোচনা করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ড্রোন হামলায় এক হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘ আরও জানিয়েছে, চলতি বছর ড্রোন হামলায় হতাহত হওয়া শত শত শিশুর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ নিহত হয়েছে অথবা আহত হয়েছে।
কয়েক দিন আগে পশ্চিম কর্দোফান রাজ্যের একটি গ্রামে সুদানের সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ ১৫ জন নিহত হন। ওই সময় রাজ্যটিতে আরএসএফের কাছ থেকে এলাকা পুনর্দখলে অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী।
গত এক বছর ধরে দুই পক্ষই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দক্ষিণ কর্দোফান অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে। এই অঞ্চলটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সুদানের মধ্য ও পূর্বাঞ্চলের সঙ্গে আরএসএফের নিয়ন্ত্রণে থাকা দারফুরকে সংযুক্ত করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে সুদানের সেনাবাহিনী ও আরএসএফ উভয় পক্ষই ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। এসব ড্রোন যোদ্ধাদের সরাসরি ঝুঁকিতে না ফেলেই কয়েক শ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন