প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকায় আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫তম ‘ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৬’। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চত্বরে বাদ জুমা থেকে রাত ১০টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে, পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনটি আয়োজন করা হচ্ছে। এ বছর ইক্বরা প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্মেলনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহ হিল বাকী নদভী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব তানভির আহমাদ এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এজাজ আহমেদ।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফী মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এবারের সম্মেলনে মিসরের ক্বারী ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার, ইরানের উস্তায ক্বারী মাহদি আদেলী, আফগানিস্তানের উস্তায ক্বারী আলী রেজা রেয়াঈ, তুরস্কের শাইখ ক্বারী হুসাইন তুরকান এবং ইরাকের ড. খাইরুদ্দিন আল-হাদীসহ আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ক্বারীরা অংশ নেবেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরা সভাপতি ও বিশ্বখ্যাত ক্বারী উস্তায শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
উল্লেখ্য, ১৯৬৬ সালে উপমহাদেশে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ইলমে ক্বিরাতের প্রচার-প্রসারে ইমামুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর উদ্যোগে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৯১ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে ২৪টি আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন