প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত এবার উৎসবমুখর হয়ে উঠেছে ঐতিহ্যবাহী রাস উৎসব ও মেলার কারণে, যা প্রায় দুইশ বছরের পুরনো। সনাতন ধর্মাবলম্বীদের এই আয়োজন সোমবার সন্ধ্যায় শুরু হতে যাচ্ছে।
পুণ্যার্থী ও পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন এই উৎসবকে কেন্দ্র করে। সৈকতজুড়ে এখন ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবের আমেজ বিরাজমান। প্রতি বছর অগ্রহায়ণের পূর্ণিমায় শ্রীকৃষ্ণের রাসলীলা স্মরণে পালিত হয় রাস উৎসব। সময়ের সঙ্গে সঙ্গে এই ধর্মীয় আয়োজন সার্বজনীন মিলনমেলায় রূপ নিয়েছে। পূজা-অর্চনা, পুণ্যস্নান এবং নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হয়। কুয়াকাটার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে রাস মেলাকে ঘিরে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্দির ও পূজামণ্ডপ সাজানো হয়েছে। ১৭ জোড়া যুগল প্রতিমা কারিগরদের নিপুণ হাতে তৈরি ও সাজানো হয়েছে।
কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন মণ্ডল জানান, রাস পূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধর্মীয় রীতি মেনে সন্ধ্যায় অধিবাস ও প্রার্থনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ভক্তদের জন্য বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।
রাস উৎসবের কারণে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও গতি ফিরেছে। পুণ্যার্থী ও পর্যটকদের আগমনে সৈকত এলাকায় মানুষের আনাগোনা বাড়ছে। মেলাকে কেন্দ্র করে দোকানপাট ও অস্থায়ী স্টল সাজিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা। তারা বাড়তি বিক্রির আশায় দিন গুনছেন।
এক স্থানীয় ব্যবসায়ী বলেন, "রাস মেলা উপলক্ষে প্রতিবছর প্রচুর মানুষের সমাগম হয়। এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করেছেন। এতে ব্যবসা ভালো হওয়ার আশা করছি।"
আয়োজকরা আশা করছেন, দুই দিনব্যাপী উৎসবে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। বিপুলসংখ্যক পুণ্যার্থী ও পর্যটকের আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সৈকতে নজরদারি, শৃঙ্খলা রক্ষা এবং পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, "রাস উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।"
কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক নাজমুল হাসান জানান, উৎসব উপলক্ষে সৈকত এলাকায় বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
সোমবার সন্ধ্যায় অধিবাস ও প্রার্থনার মধ্য দিয়ে রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে পুণ্যস্নান। এর মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী রাসলীলা উৎসব। কুয়াকাটার পাশাপাশি সুন্দরবনের দুবলার চরেও পালিত হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন