প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টম ব্যান্টনের অসাধারণ সেঞ্চুরি, হ্যারি ব্রুক ও জর্ডান কক্সের ঝোড়ো ব্যাটিংয়ের ফলে কেনিংটন ওভালে রানের বিশাল পাহাড় গড়ে তুলেছে ইংল্যান্ড। সেই পাহাড়ের নিচে চাপা পড়ে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হেরে গেছে। সফরকারীরা ৩৫৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৩২ রানে অলআউট হয়ে যায়। ফলে ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ২২৩ রানের বিশাল জয়ে।
রোববার (২৭ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুতেই বেন ডাকেটকে হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় তারা। জো রুটকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন ব্যান্টন। রুট ৩৭ বলে ১৮ রান করে ফিরে গেলে তার জায়গায় ক্রিজে আসেন হ্যারি ব্রুক।
ব্যান্টন ও ব্রুকের ব্যাট থেকে তৃতীয় উইকেটে আসে ১৫০ রান। এই জুটির উপর ভর করে ইংল্যান্ড বড় সংগ্রহের ভিত্তি গড়ে। দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৫ বলে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ব্যান্টন। শেষ পর্যন্ত ১০৫ বলে ১২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১৬টি চার ও পাঁচটি ছক্কা।
ব্যান্টন ফিরে যাওয়ার পরও ইংল্যান্ডের রানের গতি কমেনি। ব্রুক ৬৬ বলে ৭৭ এবং জর্ডান কক্স মাত্র ৫২ বলে ৭৬ রান করে দলের জন্য বড় সংগ্রহ এনে দেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড ৩৫৫ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার হয়ে দিলহারা ফার্নান্দো তিন উইকেট নেন।
শ্রীলঙ্কা বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায়। পাথুম নিশাঙ্কা মাত্র ১ রান করে সনি বেকারের শিকার হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
কুশল মেন্ডিস ২৬ বল খেলে ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তার বিদায়ের পর শ্রীলঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ১৭তম ওভারে ৮২ রানেই তারা ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।
শেষ পর্যন্ত ২৯.১ ওভার ব্যাট করে শ্রীলঙ্কা মাত্র ১৩২ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন ২৬ রানে তিনটি এবং গাস অ্যাটকিনসন দুটি উইকেট তুলে নেন।
ব্যান্টনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি এবং ২২৩ রানের বিশাল জয়ের মাধ্যমে ইংল্যান্ড সিরিজ জয় নিশ্চিত করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন