প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরের মুক্তিযোদ্ধা পার্ক-সংলগ্ন ঘাটে নোঙর করা অবস্থায় দুটি জাহাজের ওপর ক্রেনটি ভেঙে পড়ে। এই ঘটনায় দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে ক্রেনটির অপারেটর ইউনুস মিয়া আতঙ্কে জ্ঞান হারান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে ক্রেনটি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ দিন সকালে উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন পরিচালনার কাজ চলছিল। কাজ শুরু হওয়ার পাঁচ সেকেন্ডের মধ্যে ক্রেনটির কাঠামোর একটি অংশ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে বিশাল ক্রেনটি ভারসাম্য হারিয়ে পাশের দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে।
এর ফলে জাহাজ দুটির ছাদ ও ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্রেনটির বিশাল কাঠামো জাহাজগুলোর ওপর আটকে থাকায় সেটি সরানো নিয়েও জটিলতা তৈরি হয়েছে।
উদ্ধারকারী জাহাজ নির্ভীকের মাস্টার মো. আলমগীর হোসেন জানান, প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ করে কীভাবে টেকনিক্যাল ফল্ট করল, তা আমাদেরও জানা নেই।
তিনি আরও বলেন, ঘটনার সময় আমাদের একজন জাহাজ স্টাফ আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাক্কী জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় বরিশালের উদ্দেশে রওনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিআইডব্লিউটিএর সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি কারিগরি ত্রুটিজনিত দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
জানা গেছে, বিআইডব্লিউটিএর উদ্ধারকারী নৌযানের বহরে বর্তমানে চারটি জাহাজ রয়েছে। এর মধ্যে হামজাকে ১৯৬৪ সালে এবং রুস্তমকে ১৯৮৩ সালে সংগ্রহ করা হয়। এগুলোর সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা ৬০ টন করে। নির্ভীক ও প্রত্যয়কে সংগ্রহ করা হয় ২০১৩ সালে। ৩৫৬ কোটি টাকা ব্যয়ের এই দুটি উদ্ধারকারী জাহাজের প্রতিটির সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা ২৫০ টন। এই দুই জাহাজে থাকা ক্রেন বড় ধরনের উদ্ধারকাজ পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এর ক্রনের দৈর্ঘ্য ১৬০ মিটার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন