প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রাকৃতিক প্রক্রিয়ায় জোয়ার ও ভাটার ফলে ধুলাসার নদী ধীরে ধীরে ভরাট হয়ে গেছে। এর ফলে হাজার হাজার জেলেদের জন্য নিরাপদ পোতাশ্রয় এবং মৎস্য জীবীদের জন্য একমাত্র যোগাযোগ ব্যবস্থা হিসেবে ব্যবহৃত এই নদী এখন মরা খালে পরিণত হয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরার পর সাগর মোহনা থেকে প্রতিদিন ঘাটে ফিরতে আসা অসংখ্য মৎস্যবাহী ট্রলার এই খালের ডুবচরে আটকে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বা সাগর উত্তাল হলে, ওই খালে আশ্রয় নিতে আসা ট্রলারগুলো বালু চরে আটকে পড়ছে।
অন্যদিকে, ঘাটে ফিরতে বিকল্প যাতায়াত ব্যবস্থা না থাকায়, ট্রলারেই প্রতিদিন পঁচে যাচ্ছে লাখ লাখ টাকার মাছ। এর ফলে এই খালের ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবন জীবিকা এখন চরম হুমকির মুখে পড়েছে।
কলাপাড়া উপজেলার ধুলাসার ইউপির ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজারে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মৎস্যজীবী আসেন। নিত্যদিনের মৎস্য পাইকারদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এই বাজার এবং এর আশপাশের এলাকা। এই মৎস্য বাজারের সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন জীবিকা। তবে সম্প্রতি, এই বন্দরটির ঘাটে সমুদ্র থেকে মাছ আহরণ করে নিরাপদে ফিরতে পারছেন না জেলেরা।
ঘাটে ফেরার একমাত্র মাধ্যম ধুলাসার নদী বেহাল অবস্থায় প্রতিদিন ডুবচরে আটকে যাচ্ছে, যার ফলে সমুদ্রগামীরা তাদের কষ্টার্জিত মাছ হারাচ্ছেন। কখনও কয়েক ঘণ্টা, আবার কখনও দিনের পর দিন আটকে থাকায় ট্রলারেই পচন ধরছে আহরণকৃত মাছে। এর ফলে সঠিক সময়ে মাছ পরিবহন করতে না পারায়, জেলেরা লোকসান গুনছেন।
স্থানীয়রা জানাচ্ছেন, এক সময়ের স্রোতের টান বয়ে চলা এই নদীটিতে এখন জোয়ার আসলেও ভাটিতে সব চিত্র বদলে যায়। তাই সাগরে খাটুনির পর, মাছ মাথায় করে পরিবহন করতে অনেক সময় ঘাটে ফিরতে হচ্ছে জেলেদের।
মৎস্যজীবী এবং আড়ৎ মালিকরা বলছেন, শুধুমাত্র মৎস্য খাতেই নয়, নদীটিতে প্রবেশ বা চলাচল বন্ধ হয়ে গেলে লাখ লাখ মানুষের জীবন জীবিকা চরম হুমকির মুখে পড়বে। তাই খনন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
সরেজমিনে কথা হলে জেলে সোবহান সিকদার জানান, এক সময় এই নদীর স্রোতের ডাক বুকে কাপন ধরিয়ে দিত। এখন ভাটির সময় এপার থেকে ওপারে পায়ে হেঁটে পারাপার করতে হয় অনেককে। তিনি বলেন, সাগর মোহনা দিয়ে প্রতিদিন নদীতে হাজারো মাছধরা ট্রলার প্রবেশ করে, কিন্তু তারা আটকে পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ফলে ঠিক সময়ে ঘাটে মাছ নিয়ে পৌঁছাতে না পারায় অনেক মাঝিরা তাদের মাছ কম দামে বিক্রি করতে বাধ্য হন। এছাড়া, মাছ পঁচে যাওয়ার কারণে জেলেরা কষ্ট করেও লোকসানে পড়ছেন।
অপর এক মাঝি জানান, সাগর উত্তাল হলে এবং ঝড়-বন্যা হলে ওই নদীতে আশ্রয় নিতে আসে হাজারো ট্রলার। ডুবোচরের কারণে নদীর মধ্যে প্রবেশ করতে না পারায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের।
বাবলাতলা বাজারের আড়ত মালিক ও ইউপি সদস্য মো. রাসেল বলেন, এ খালটি এখন লাখো মানুষের জীবন জীবিকায় প্রভাব ফেলছে। শীত মৌসুমে এ হাঁটে কোটি টাকার মাছের ব্যবসা চলে। কিন্তু মোহনার বালু ভরে যাওয়ার কারণে ট্রলার যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ভাটিতে বা জোয়ার হলে ছোট ট্রলার ঢুকলেও বড়গুলো প্রতিদিন আটকে যায়। তিনি বলেন, এই নদীটি দ্রুত খনন না করলে অনেক জেলেকে পেশা পরিবর্তন করতে হবে।
বাজার ব্যবসায়ী হাজী মাসুদ জানান, শত বছরের পুরানো এই বাজারটি টিকে আছে এই নদীটির ওপর নির্ভর করে। এটি কাউকে বোঝানো যাবে না যে একটি নদীর জন্য কতটা বিরূপ প্রভাব পড়ছে। জেলেরা এই ঘাটে মাছ নিয়ে আসতে চায় না।
অন্যদিকে, মহিপুর আলীপুর ঘাটে পৌঁছাতে তাদের বেশি পরিমাণ তেল খরচ করতে হয়। তাই অনেকে কয়েক কিলোমিটার মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফেরেন। এই দৃশ্য দেখাটাও কষ্টকর। তিনি বলেন, এই বাজারকে কেন্দ্র করে লাখো মানুষের জীবিকা। কিন্তু ভরসা ধুলাসার নদীটি। তাই নদীটি খননের জন্য সরকারের কাছে জোর অনুরোধ জানিয়েছেন তিনি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেরা কষ্ট করে মাছ আহরণ করলেও চ্যানেলটি দিয়ে ঠিক সময়ে ঘাটে আসতে পারে না। নদীটির নাব্যতা কমে যাওয়া এবং অসংখ্য ডুব চরের কারণে প্রতিনিয়ত ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়টি ইতোমধ্যে উপরস্থ কর্মকর্তাকে অবহিত করেছি, যাতে দ্রুত নদীটির খননের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়।
বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় খাজুরা পয়েন্টে জেলেদের জন্য চ্যানেল খনন প্রক্রিয়ার ব্যবস্থা করেছেন। সেখানে ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। এই নদীটির জন্যও যেকোন একজন প্রতিনিধি হয়ে আবেদন করলে আমরা পরীক্ষা করে ব্যবস্থা নিব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন