প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হলিউড অভিনেত্রী ম্যাকেনা গ্রেস তাঁর অভিনয়ের পছন্দ-অপছন্দ ও সীমারেখা সম্পর্কে স্পষ্ট অবস্থান প্রকাশ করেছেন। তিনি বর্তমানে নগ্নতা বা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে আগ্রহী নন। বরং, তাঁর অন্যতম স্বপ্ন হলো বড় পর্দায় ডিজনির রাজকন্যা হিসেবে দর্শকদের সামনে আসা।
সম্প্রতি ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার প্রচারের অংশ হিসেবে কসমোপলিটন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর অভিনয়জীবনের এই অবস্থান তুলে ধরেন।
অভিনেত্রীকে প্রশ্ন করা হলে, কোন ধরনের চরিত্রের প্রস্তাব পেলে তিনি ফিরিয়ে দেবেন, তিনি জানান যে, নগ্নতা বা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তিনি বলেন, "এ ধরনের চরিত্রে যাঁরা অভিনয় করেন, তাঁদের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে।" তবে, বিষয়টি তাঁর জন্য কিছুটা ভীতিকর বলে মনে করেন তিনি। ভবিষ্যতে এ বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি বদলাবে কি না, সেটিও তিনি নিশ্চিত নন।
এমন সিদ্ধান্তের অর্থ এই নয় যে, ম্যাকেনা নিজেকে কেবল নিষ্পাপ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির চরিত্রে সীমাবদ্ধ রাখতে চান। তাঁর অভিনীত কাজেই এর প্রমাণ রয়েছে। ‘স্ক্রিম’ সিনেমায় ঘোস্টফেসের হাতে ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তাঁকে। অর্থাৎ, ঝুঁকিপূর্ণ বা ভয়ংকর চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তাঁর আপত্তি নেই, কিন্তু নগ্নতা ও যৌন আবেদনময় দৃশ্যে নিজের স্বাচ্ছন্দ্যকেই তিনি গুরুত্ব দিতে চান।
অভিনেত্রীর ডিজনি রাজকন্যা হওয়ার স্বপ্নের প্রসঙ্গে অ্যামি অ্যাডামসের কথা মনে পড়ে। ২০০৭ সালে ‘এনচ্যান্টেড’ সিনেমায় রাজকন্যা জিসেলের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। সেই চরিত্রের সুবাদে তৈরি হওয়া ভাবমূর্তি বজায় রাখতে তিনি পরবর্তী সময়ে সচেতন ছিলেন।
একবার স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানের একটি যৌন ইঙ্গিতপূর্ণ কৌতুকধর্মী স্কেচে অভিনয়ের প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। অভিনেতা অ্যান্ডি সামবার্গ এক পডকাস্টে জানান, অ্যামির সঙ্গে একটি দ্বৈত গানের পরিকল্পনা ছিল, কিন্তু গানটির বিষয়বস্তু ছিল অতিরিক্ত যৌন আবেদনময়। অ্যামি তখন জানিয়েছিলেন, বিষয়টি মজার হলেও তিনি এতে অংশ নিতে পারবেন না। কারণ, "এনচ্যান্টেড" নিয়ে তখন অনেক ছোট মেয়ে মেতে আছে।
ম্যাকেনা ছাড়া, হলিউড অভিনেত্রী আমান্ডা সাইফ্রিডও সম্প্রতি একই ধরনের অবস্থানের কথা জানিয়েছেন। গত সেপ্টেম্বরে হ্যাম্পটনস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি জানান, একটি সিরিজে নিয়মিত যৌন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন, অপরিচিত কারও সঙ্গে নগ্ন হয়ে অভিনয় করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
এদিকে, ম্যাকেনা গ্রেসের কাজের ব্যস্ততা কম নয়। সর্বশেষ ‘স্ক্রিম ৭’ সিনেমায় তাঁকে দেখা গেছে। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার, যেখানে তিনি মেইসিলি ডোনার চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি, নেটফ্লিক্সের ‘স্কুবি-ডু’ সিরিজের লাইভ-অ্যাকশন সংস্করণে ড্যাফনি চরিত্রেও তাঁকে দেখা যাবে।
সূত্র: ভ্যারাইটি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন