প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাইফুন দুজুয়ান জাপানে প্রবল শক্তি নিয়ে আঘাত করেছে। এই শক্তিশালী ঝড়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও চারজন। ঝড়ো বাতাস এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের উদ্ধৃতি দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
দেশটির আবহাওয়া সংস্থা টাইফুনটি আঘাত হানার পূর্বে ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি’ সৃষ্টি হওয়ার সতর্কতা জারি করেছিল। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় পরে কয়েকটি অঞ্চলের সতর্কতার মাত্রা কমিয়ে আনা হয়েছে।
দুজুয়ানের স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। এর ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং যানবাহন ও যোগাযোগব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে।
ঝড়ের কারণে জাপানে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। পাঁচ দিনের ছুটির মধ্যে টাইফুনের আঘাতে বিভিন্ন পূর্বনির্ধারিত আয়োজনও ব্যাহত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রক ইন জাপান সংগীত উৎসবের নির্ধারিত কনসার্টগুলো বাতিল করা হয়েছে। একই দিনে টোকিও গেম শোর ভিডিও গেম প্রদর্শনীর আয়োজনও বাতিল করা হয়েছে।
টাইফুনে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রগামী বিমানে ওঠার কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন