প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরবর্তী চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে দেশ ও বিদেশের মাটিতে কিছু আকর্ষণীয় দলের নাম আসার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
তিনি প্রতিপক্ষ দলগুলোর নাম সরাসরি উল্লেখ না করলেও জানিয়েছেন, টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ওই দলগুলোকে দেখতে ক্রিকেটপ্রেমীরা আগ্রহী হবেন।
আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত আমি প্রতিপক্ষের নাম বলব না। বাংলাদেশের বিপক্ষে ওই দলগুলোকে দেখতে মানুষ পছন্দ করবে। আমি জানি, আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হলে সবাই খুশি হবে।’
আসন্ন দুই বছরের আন্তর্জাতিক ক্রিকেট সূচি নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় আলোচনার ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
তামিম জানান, আলোচনায় ইতিবাচক ফল এসেছে। বিশেষ করে ডব্লিউটিসির পরবর্তী চক্রে বাংলাদেশের হোম ও অ্যাওয়ে ম্যাচের সূচি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় ভারত ও অস্ট্রেলিয়া থাকতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার কথা জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
এদিকে আসন্ন এশিয়া কাপের আগে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছেন তামিম।
তিনি বলেন, ‘পাকিস্তান ও শ্রীলঙ্কা- দুই দেশের ক্রিকেট বোর্ডই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’
বিসিবি প্রধান মনে করেন, এ ধরনের টুর্নামেন্ট বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ তৈরি করবে। একই সঙ্গে ক্রিকেটপ্রেমীদের আগ্রহও বাড়বে।
এদিকে ভবিষ্যতে বাংলাদেশের টেস্ট ম্যাচের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে। এর অংশ হিসেবে চার দিনের টেস্ট ম্যাচ চালুর সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।
ভারতে বাংলাদেশের প্রস্তাবিত সফরসহ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তামিম। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি。
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন