প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : আউটসোর্সিং সেবার ক্ষেত্রে সেবা গ্রহণের নীতিমালা, ২০২৫-এর সংশোধনের পরিপ্রেক্ষিতে সরকার কিছু সেবা ক্রয়ের ক্ষেত্রে পুরোনো নিয়ম অনুসরণের সুযোগ প্রদান করেছে। এই প্রক্রিয়ায় নির্দিষ্ট শর্তে চুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-০১ থেকে এ বিষয়ে একটি স্পষ্টীকরণ জারি করা হয়েছে। গত ১৬ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি কাজে গতিশীলতা বৃদ্ধি, সম্পদের সর্বোত্তম ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং মানসম্মত সেবা ক্রয়ের উদ্দেশ্যে ২০২৫ সালের ১৫ এপ্রিল ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫’ জারি করা হয়েছিল।
সেবা ক্রয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং আউটসোর্সিং সেবাকর্মীদের জন্য যথাযথ সেবামূল্য নিশ্চিত করার লক্ষ্যে গত ২১ সেপ্টেম্বর ওই নীতিমালার কিছু ধারা সংশোধন করা হয়েছে।
সংশোধনের পর অর্থ বিভাগ জানায়, ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর বা তার আগে অর্থ বিভাগের সম্মতিক্রমে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা ক্রয়ের জন্য যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেগুলো আগের নিয়মে সম্পন্ন করা যাবে।
তবে, এই প্রক্রিয়ায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ অনুসরণ করা আবশ্যক। এসব সেবার চুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর হতে পারে।
এছাড়া, অর্থ বিভাগের সম্মতিতে ২০২৫ সালের আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী যেসব সেবার মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন শেষ হয়েছে, কিন্তু সেবা কার্যক্রম এখনো চলমান রয়েছে, সেগুলোও নির্দিষ্ট শর্তে চালু রাখার সুযোগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ধরনের সেবা চলতি ২০২৬-২৭ অর্থবছরে অর্থ বিভাগের সম্মতিসাপেক্ষে নীতিমালা সংশোধনের আগের নিয়মে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত রাখা যেতে পারে।
সরকারি সেবা ক্রয় কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং নীতিমালা সংশোধনের ফলে সৃষ্ট বাস্তবায়নগত জটিলতা নিরসনে এই স্পষ্টীকরণ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ নির্দেশনা মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন