প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রে মাছ ধরা এখন আর কেবল অবসর কাটানোর শখ নয়, বরং এটি প্রতিযোগিতামূলক ক্রীড়াক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। বিশেষ করে বাস মাছ ধরার জন্য বড় পরিসরের আয়োজন গড়ে উঠেছে। হাইস্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণ, আকর্ষণীয় পুরস্কার, কলেজ বৃত্তি এবং পেশাদার ক্যারিয়ার গড়ার সুযোগ থাকায় দেশটির তরুণদের মধ্যে এ খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি নিউইয়র্ক টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বর্তমান বছরের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বুকানান শহরের প্যারিস ল্যান্ডিং স্টেট পার্কের মেরিনায় স্ট্রাইক কিং বাসমাস্টার হাইস্কুল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। হাইস্কুল পর্যায়ে বাস মাছ ধরার অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার শেষ দিনের লড়াইয়ে অংশ নিতে প্রতিযোগীরা সূর্য ওঠার আগেই সেখানে উপস্থিত হন।
ভোরের আলো ফোটার আগেই ২৫টি নৌকা নিয়ে প্রস্তুত ছিলেন প্রতিযোগীরা। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর নৌকাগুলো ১৮৪ মাইল দীর্ঘ কেনটাকি লেকে ছুটে যায়। প্রতিযোগীদের লক্ষ্য ছিল সবচেয়ে বেশি ওজনের বাস মাছ ধরা।
সেবারের প্রতিযোগিতায় আলাবামার ১৮ বছর বয়সি কাইগ ব্র্যাগ এগিয়ে ছিলেন। মাছ ধরার জন্য তিনি মেরিনা থেকে প্রায় ১০ মিনিট দক্ষিণের একটি পরিচিত জায়গায় চলে যান। সেখানে প্রায় আট ঘণ্টা মাছ ধরার পর মেরিনায় ফিরে আয়োজকদের হাতে তুলে দেন জাল দিয়ে তৈরি একটি ব্যাগ। ব্যাগে ছিল তিনটি বাস মাছ, যেগুলোর মোট ওজন ১১ পাউন্ড ৩ আউন্স।
এই ওজনই তাকে চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেয়। পেছনে পড়ে যায় ২১৩টি প্রতিদ্বন্দ্বী দল। বিজয়ী হিসেবে কাইগ পুরস্কার হিসেবে ২৫ হাজার ডলারের একটি মাছ ধরার নৌকা এবং ৫ হাজার ডলারের কলেজ বৃত্তি পান। বাংলাদেশি মুদ্রায় যার মোট মূল্য ৩৭ লাখ টাকারও বেশি।
মাছ ধরার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে কাইগ বলেন, ‘সত্যি বলতে, বাস মাছ ধরতে আমার খুব ভালো লাগে। প্রতিবারই এখানে নতুন একটি ধাঁধা থাকে। বিষয়টি অনেকটা দাবা খেলার মতো।’
প্রতিযোগিতামূলক বাস মাছ ধরার ইতিহাস প্রায় ৬০ বছরের। তবে গত এক থেকে দুই দশকে খেলাটিতে বড় পরিবর্তন এসেছে। একসময় অবসরের বিনোদন হিসেবে পরিচিত থাকলেও এখন এটি সম্ভাবনাময় পেশাদার ক্রীড়াক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে। ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে হাইস্কুল ও তরুণদের জন্য মাছ ধরার ক্লাব এবং প্রতিযোগিতার আয়োজন বৃদ্ধি পাচ্ছে।
খেলাটির নিয়ন্ত্রক সংস্থা বাস নেশন, যার পূর্ণ নাম বাস অ্যাঙ্গলার্স স্পোর্টসম্যান সোসাইটি। সংস্থাটির অধীনে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৫টি অঙ্গরাজ্যে প্রায় ১ হাজার ১০০টি হাইস্কুল ও যুব ক্লাব রয়েছে। এসব ক্লাবে অংশ নিচ্ছেন প্রায় ১২ হাজার অ্যাঙ্গলার বা মাছ শিকারি। এক দশক আগে ক্লাবের সংখ্যা ছিল ৬০০ এবং অংশগ্রহণকারী ছিলেন প্রায় ৬ হাজার।
অন্তত আটটি অঙ্গরাজ্যে বাস মাছ ধরা হাইস্কুল পর্যায়ের স্বীকৃত খেলায় পরিণত হয়েছে। এ ছাড়া দেশটির অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব মাছ ধরার ক্লাবও রয়েছে।
বাস মাছ ধরার প্রতিযোগিতার নিয়ম তুলনামূলক সহজ। প্রতিটি দলে একজন অথবা দুজন হাইস্কুল শিক্ষার্থী অংশ নিতে পারেন। প্রতিযোগীরা সর্বোচ্চ তিনটি মাছ ধরতে পারেন। তবে প্রতিটি মাছের দৈর্ঘ্য কমপক্ষে ১৫ ইঞ্চি হতে হয়। ওজন করার সময় মাছগুলো জীবিত থাকা বাধ্যতামূলক। ওজন নেওয়ার পর আবার সেগুলো লেকে ছেড়ে দেওয়া হয়।
মাছ ধরার জন্য প্রতিযোগীরা নিজেদের পছন্দ অনুযায়ী কৃত্রিম টোপ, ছিপ ও নৌকা ব্যবহার করতে পারেন। তবে প্রতিযোগিতা চলাকালে বাইরে থেকে কোনো ধরনের সহায়তা নেওয়ার সুযোগ নেই।
নিয়ম সহজ হলেও এই খেলায় ভালো করতে প্রয়োজন বড় অঙ্কের বিনিয়োগ। একটি নতুন বাস ফিশিং বোটের দাম হতে পারে ১ লাখ ডলার। মাছের অবস্থান ও পানির গভীরতা শনাক্ত করার ডিজিটাল ফিশ ফাইন্ডারের দাম ২ হাজার ডলার বা তারও বেশি। এ ছাড়া উন্নতমানের একটি ফিশিং রড কিনতে কয়েক শ ডলার খরচ হতে পারে।
এর বাইরে প্রতিযোগিতায় অংশ নিতে যাতায়াত, জ্বালানি, হোটেল, খাবার ও নিবন্ধন ফি দিতে হয়। এক স্থান থেকে অন্য স্থানে নৌকা পরিবহনের খরচও বহন করতে হয় প্রতিযোগীদের।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ জুনিয়র হাইস্কুল ও হাইস্কুলে মাছ ধরার দলগুলো আনুষ্ঠানিক ক্রীড়া দল হিসেবে পরিচালিত হয় না। বরং এগুলো চলে ক্লাবের মাধ্যমে। নৌকা ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বীমাসংক্রান্ত দায়দায়িত্ব নিতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আগ্রহী নয়। ফলে দলগুলোর প্রয়োজনীয় খরচ নিজেদের উদ্যোগেই সংগ্রহ করতে হয়।
এই অর্থের বড় একটি অংশ আসে বিভিন্ন প্রতিষ্ঠানের স্পনসরশিপ থেকে। একটি স্পনসরশিপের জন্য কয়েক শ থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত ব্যয় করতে পারে প্রতিষ্ঠানগুলো। এ কারণেই প্রতিযোগীদের জার্সিতে বিভিন্ন বেইট শপ, মেরিনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের লোগো দেখা যায়।
তবে পেশাদার অ্যাঙ্গলার হিসেবে ক্যারিয়ার গড়তে শুধু মাছ ধরার দক্ষতা যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজন ব্যবসায়িক জ্ঞান, অর্থ ব্যবস্থাপনার দক্ষতা এবং নিজের পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরির সক্ষমতা। স্পনসরদের কাছ থেকে সহযোগিতা পেতে হলে প্রতিযোগীদের নিজেদের অবস্থান ও পরিচিতি প্রতিষ্ঠা করতে হয়। কেবল স্পনসরদের কাছে গিয়ে আর্থিক সহায়তা চাইলেই এ ক্ষেত্রে সফল হওয়া সম্ভব নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন