প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাসে অবস্থিত ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই অনুমোদনের মাধ্যমে দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর অনুষদটিতে নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে পাঠানো এক পত্রে এই অনুমোদন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে কৃষি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়ে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।
অনুমোদিত একাডেমিক কাঠামো অনুযায়ী, বর্তমানে অনুষদটির অধীনে মোট ৯টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো—অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি; ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি; প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি; মাইক্রোবায়োলজি; মেডিসিন অ্যান্ড সার্জারি; অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন; জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং; ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স এবং এগ্রিকালচারাল ইকোনমিকস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিকস। বর্তমানে অনুষদটিতে দুটি ব্যাচে মোট ৮৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্রথম ব্যাচের ৪৩ জন পঞ্চম বর্ষের প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় ব্যাচের ৪৪ জন চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারে রয়েছেন।
অনুষদটির অধীনে পাঁচ বছর মেয়াদি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি’ ডিগ্রি প্রদান করা হবে। এ ডিগ্রির মোট ক্রেডিট ২০০–২২৮। ভবিষ্যতে ভেটেরিনারি বায়োমেডিকেল ও প্রাণিসম্পদ উৎপাদনবিষয়ক মৌলিক ও ফলিত গবেষণার পাশাপাশি এমএস, এমফিল ও পিএইচডি পর্যায়ের উচ্চশিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে অনুষদটিতে পাঁচজন শিক্ষক ও ১০ জন কর্মচারী কর্মরত আছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম মন্তব্য করেন, সিরাজগঞ্জ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমতি পাওয়া আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও ইতিবাচক সংবাদ। অতীতের সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়ায় ইউজিসিকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এ ক্যাম্পাসের সার্বিক একাডেমিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।
তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো আধুনিক, বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের ভেটেরিনারি শিক্ষা নিশ্চিত করা, যাতে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও মানবিক গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। মূল ক্যাম্পাসের পাশাপাশি সিরাজগঞ্জ ক্যাম্পাসের অবকাঠামো, ল্যাবরেটরি ও গবেষণার সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
উল্লেখ্য, প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়ায় ২০১৩ সালের জুন থেকে ২০১৮ সালের জুন মেয়াদে একটি সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটির অবকাঠামো নির্মাণ করা হয়। পরে ২০১৯ সালে এটি ‘সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ’ নামে যাত্রা শুরু করে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ২০১৯–২০ ও ২০২০–২১ শিক্ষাবর্ষে সেখানে শিক্ষার্থী ভর্তি করা হয়।
তবে শিক্ষকসংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সেশনজট তৈরি হলে পরে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জুন প্রতিষ্ঠানটিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। একই বছরের ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম পরীক্ষা কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অনুমোদনকে ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন। তাদের মতে, অনুষদটিতে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু হলে সিরাজগঞ্জ ক্যাম্পাসের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন