প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রেমের সন্ধানে এবার বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে যাওয়ার সুযোগ রয়েছে। তা-ও আবার সম্পূর্ণ বিনামূল্যে। ফিনল্যান্ডের পর্যটন বোর্ড ১৬ জন অবিবাহিত নারী-পুরুষকে নিয়ে একটি ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনের উদ্দেশ্য শুধুমাত্র মনোরম পরিবেশে ঘুরে বেড়ানো নয়, বরং ফিনল্যান্ডের খাবারের স্বাদ নেওয়া এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, এমনকি মনের মানুষের খোঁজও করা।
‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই বিশেষ আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৬ জন সিঙ্গেলকে আমন্ত্রণ জানাচ্ছে দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’। এই আয়োজন ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন এবং স্থানীয় সিঙ্গেলদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও থাকবে। এই পরিচয়ের মাধ্যমে কারও জীবনে নতুন প্রেমের সূচনা হতে পারে।
মার্কিন সাময়িকী ফোর্বসের একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
এই আয়োজনের অন্যতম আকর্ষণ হলো বিশেষ গ্রুপ ডিনার ডেট। এতে বিদেশি অংশগ্রহণকারীদের সঙ্গে ফিনল্যান্ডের স্থানীয় অবিবাহিত নারী-পুরুষদের পরিচয় করিয়ে দেওয়া হবে। রাজধানী হেলসিঙ্কি এবং লেকল্যান্ড অঞ্চলের ট্যাম্পেরে শহরে এসব নৈশভোজের আয়োজন করা হবে।
অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণের সুযোগ পাবেন। মেনুতে থাকবে বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি এবং বন থেকে সংগ্রহ করা মাশরুম দিয়ে তৈরি খাবার। দেশের খ্যাতনামা কয়েকজন শেফ বিশেষভাবে এসব খাবারের মেনু তৈরি করবেন।
বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ এক বিবৃতিতে বলেছেন, ‘ফিনল্যান্ডের খাবার আমাদের সুখী জীবনযাপনের সরাসরি প্রতিফলন। এর মাধ্যমে আমরা প্রকৃতি, ঋতু এবং আশপাশের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি।’
তিনি আরও বলেন, ‘খাবার ফিনল্যান্ডের মানুষকে একত্র করে। এবার আমরা ভ্রমণকারীদেরও সম্পূর্ণ ভিন্ন ও বিশেষ এক অভিজ্ঞতার অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি।’
এই আয়োজনের পেছনে রয়েছে ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ডেটিং প্রবণতা, যার নাম ‘সিঙ্কুকোরি’ বা ‘সিঙ্গেল বাস্কেট’।
দেশটির কয়েকটি সুপারশপে গোলাপি রঙের বিশেষ শপিং বাস্কেট চালু করা হয়েছে। অবিবাহিত ক্রেতারা এসব বাস্কেট ব্যবহার করে অন্যদের কাছে সূক্ষ্মভাবে জানাতে পারেন যে, তারা নতুন কারও সঙ্গে কথা বলতে কিংবা সম্পর্কে জড়াতে আগ্রহী।
এই ধারণা থেকেই ‘ফিনিশ ডিনার ডেট’ আয়োজনের অনুপ্রেরণা পেয়েছে পর্যটন সংস্থাটি।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইতালীয়, চীনা ও অন্যান্য নর্ডিক দেশের খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও ফিনল্যান্ডের খাবার ইউরোপের অন্যতম অবহেলিত খাদ্য ঐতিহ্য।
জিমেনেজ বলেন, ‘সনা বা বাষ্পস্নানের সঙ্গে সম্পর্কিত খাবারের ঐতিহ্য থেকে শুরু করে বন থেকে খাবার সংগ্রহ—ফিনল্যান্ডের প্রতিটি খাবারের পেছনে রয়েছে স্বতন্ত্র গল্প। আমরা চাই, পর্যটকরা সেই অভিজ্ঞতা পুরোপুরি উপভোগ করুন।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে সুখী দেশে এসে কেউ হয়তো প্রেম খুঁজে পাবেন—একে অপরের মধ্যে, ফিনল্যান্ডের খাবারের মধ্যে কিংবা নতুন প্রিয় ভ্রমণ গন্তব্যের মধ্যে।’
কারা আবেদন করতে পারবেন?
বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সি অবিবাহিত নারী-পুরুষ এ আয়োজনে অংশ নিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই ফিনল্যান্ডের বাইরের দেশের বাসিন্দা হতে হবে। আবেদন করতে হবে ব্যক্তিগতভাবে, দলগতভাবে নয়।
আবেদনের শেষ সময় ২০২৬ সালের ১০ নভেম্বর, ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিট (ইইটি, ইউটিসি+২)।
নির্বাচিত ১৬ জনের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও টিকটকে প্রকাশ করা হবে।
যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ কে দেবে?
এই সফরের জন্য নির্বাচিত ব্যক্তিদের বিমানভাড়া, আবাসন, বিভিন্ন কার্যক্রম এবং খাবারের সম্পূর্ণ খরচ বহন করবে ফিনল্যান্ডের পর্যটন বোর্ড।
আয়োজকদের বিবৃতি অনুযায়ী, ব্লাইন্ড ডিনার ডেট হবে একটি স্বাভাবিক ও আনন্দঘন গ্রুপ আয়োজন। সব অংশগ্রহণকারী একসঙ্গে খাবার খাবেন এবং ফিনল্যান্ডের বিশেষভাবে তৈরি স্বীকৃত টেস্টিং মেনুর স্বাদ নেবেন।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের আবেদন করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
১. প্রথমে ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। সেখানে উত্তর দিতে হবে—‘আপনি ডিনার ডেটে সঙ্গীকে কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’
২. ভিডিওটি নিজের পাবলিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে (টিকটক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব) প্রকাশ করতে হবে।
৩. ভিডিও পোস্ট করার সময় #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং ভিজিট ফিনল্যান্ডের অফিসিয়াল অ্যাকাউন্টকে ট্যাগ করতে হবে।
সূত্র: ফোর্বস, ভিজিট ফিনল্যান্ড
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন