প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এই প্রকল্পটির নাম ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ এবং এর মাধ্যমে প্রতিদিন ১০ কোটি লিটার বিশুদ্ধ পানি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির অর্থায়ন করবে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা।
ওয়াসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা এবং নগরায়ণের কারণে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থায় চাপ বৃদ্ধি পাচ্ছে। এই চাপ মোকাবেলার জন্য বর্তমান উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং পুরোনো সরবরাহ ব্যবস্থা আধুনিকায়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্ণফুলী পানি শোধনাগারে অতিরিক্ত ১০ কোটি লিটার উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য জাইকার সহযোগিতা চাওয়া হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম জানিয়েছেন, ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’-এ অর্থায়নে জাইকা সম্মত হয়েছে। তাদের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে এবং তারা প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডির কাজ দ্রুত শুরু করবে। এজন্য বিশেষজ্ঞ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও বলেন, নতুন শোধনাগারটির একটি উল্লেখযোগ্য সুবিধা হলো, এই প্রকল্পের পানি চট্টগ্রাম নগরীতে সরবরাহের জন্য নতুন কোনো আলাদা পাইপলাইন স্থাপনের প্রয়োজন হবে না। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-২’-এর বিদ্যমান পাইপলাইন ব্যবহার করেই পরিশোধিত পানি চট্টগ্রাম নগরীতে নিয়ে আসা সম্ভব হবে।
ওয়াসা সূত্রে জানা গেছে, প্রকল্প-৩ রাঙ্গুনিয়ার গোডাউন ব্রিজসংলগ্ন সরফভাটা এলাকায় বাস্তবায়ন করা হবে। একই এলাকায় বর্তমানে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-২-এর কার্যক্রম চলছে। নতুন প্রকল্পের জন্য জাইকার একটি প্রতিনিধি দল ইতোমধ্যে সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছে এবং প্রকল্পের প্রাক ফিজিবিলিটি স্টাডি কার্যক্রম সম্পন্ন হলে সম্ভাব্যতা যাচাই কাজ শুরু হবে। এরপর প্রকল্পটি বাস্তবায়নে কত টাকা ব্যয় হবে তা জানা যাবে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানান, ২০১৬ সালে জাইকা রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন এলাকায় দৈনিক ১৪ কোটি ৩০ লাখ লিটার পানি উৎপাদন ক্ষমতা সম্পন্ন কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-২ এ অর্থায়ন করেছিল। এই প্রকল্পের মোট ব্যয় ছিল ৪ হাজার ৪৯১ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে জাইকা ৩ হাজার ৬২৩ কোটি ২৮ লাখ টাকা, বাংলাদেশ সরকার ৮৪৪ কোটি ৮০ লাখ টাকা এবং চট্টগ্রাম ওয়াসা ২৩ কোটি ৭ লাখ টাকা অর্থায়ন করেছিল।
২০২১ সালের ১৬ মার্চ থেকে রাঙ্গুনিয়ার গোডাউন এলাকায় কর্ণফুলী নদী থেকে এই প্রকল্পের পানি উত্তোলন করে পরিশোধনের পর পাইপ লাইনের মাধ্যমে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে রিজার্ভার এবং হালিশহরে এলিভেটেড ট্যাংকের মাধ্যমে গ্রাহকদের মধ্যে পানি সরবরাহ করা হচ্ছে। এক বছর পর ২০২২ সালের ১৬ মার্চ এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বর্তমানে রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম ওয়াসার দুটি প্রকল্প রয়েছে, একটি কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-১ এবং দ্বিতীয়টি কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-২।
কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-১ এর পানি উৎপাদন হচ্ছে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় কর্ণফুলী নদী থেকে। অন্যদিকে, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-২ এর পানি উত্তোলন হচ্ছে রাঙ্গুনিয়ার গোডাউনস্থ সরফভাটা এলাকা থেকে। কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩ এর পানিও সরফভাটা কর্ণফুলী নদী থেকে উত্তোলন করা হবে।
প্রধান প্রকৌশলী মাকসুদ আলম আরও জানান, ‘কর্ণফুলী পানিশোধনাগার প্রকল্পের আওতায় রাঙ্গুনিয়ায় স্থাপিত ফেইস-১ ও ফেইস-২ শোধনাগার ২টি ওয়াসার মেগা প্রকল্প। শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এগুলোর অবস্থান। কর্ণফুলী নদী থেকে পানি উত্তোলন করে পরিশোধনের পর পাইপ লাইনের মাধ্যমে নগরীতে গ্রাহকদের মধ্যে সরবরাহ করা হয়। এই ২টি প্রকল্প থেকে বর্তমানে দৈনিক ২৮ কোটি ৬০ লাখ লিটার পানি উৎপাদন করা হচ্ছে। এর জন্য কর্ণফুলী নদী থেকে দৈনিক ৩০ কোটি লিটার পানি তোলা হচ্ছে। আগে সিস্টেম লস ছিল ৩৩ শতাংশ, বর্তমানে তা কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। সিস্টেম লস কমাতে পারলে রাজস্ব আয়ের পরিমাণ আরও বাড়বে। তবে ওয়াসা মূলত একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের মূল কাজ হচ্ছে সেবা ঠিকমতো দিতে পারছি কিনা। তবে আমরা যথাযথ সেবা দিয়ে ভালো পরিমাণ রাজস্ব আয় করতে পেরেছি যা থেকে খরচ মেটানোর পরও লোন পরিশোধ করে ওয়াসার ফান্ডে টাকা জমা হচ্ছে। সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন