প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পাচারের সময় পুলিশ ও উপজেলা প্রশাসন ২৫০ বস্তা সরকারি সার জব্দ করেছে। এ সময় সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার এবং ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে, পাশাপাশি সারবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে এই সারগুলো জব্দ করা হয়।
আটককৃত ইলিয়াস হাওলাদার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি মেসার্স হাওলাদার ট্রেডার্সের মালিক এবং ওই ইউনিয়নের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সার ডিলার।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে একটি সারবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করে। এরপর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ও প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ২৫০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ করেন এবং ডিলার ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে থানায় নিয়ে যান।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দসহ ডিলার ইলিয়াস হাওলাদার ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি তার ডিলারশিপ বাতিল করা হবে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, আটককৃত দুজন এবং জব্দ করা সারবোঝাই ট্রাক বর্তমানে থানার হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, পাচারের সময় সরকারি সারগুলো জব্দ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন