প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁর মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে পরিচিত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের দুই মূলহোতা সুলতান ও পারভেজকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের সূত্রে জানা গেছে, মান্দা উপজেলার কসব ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় দীর্ঘ সময় ধরে ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তুলে বেআইনি কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল সুলতান ও পারভেজ। তারা এলাকার কিশোরদের জোরপূর্বক তাদের ক্লাবে যোগ দিতে বাধ্য করত এবং রাজি না হলে তাদের মারধর করা হতো।
এই প্রেক্ষাপটে, গত ২৫ আগস্ট রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে তুরুকবাড়িয়া এলাকার সাফিয়াল জাবের নীরবকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় তারা। ঘটনাস্থল থেকে মান্দা থানা পুলিশ একটি গুলির খোসা উদ্ধার করে। পরবর্তী সময়ে ২৬ আগস্ট রাতে আতঙ্ক সৃষ্টির জন্য তারা পুনরায় গুলি চালায়। এসব ঘটনায় মান্দা থানায় একটি মামলা রুজু করা হয়।
এসব ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাওন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মান্দা থানা ও রানীনগর থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ চৌকস দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও ডেটা অ্যানালিসিসের মাধ্যমে পুলিশ জানতে পারে আসামিরা ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে অন্যান্য জেলার পুলিশের সহযোগিতায় সোমবার (৩১ আগস্ট) রাতে বগুড়ার শেরপুর থানাধীন 'ফুড ভিলেজ'-এর সামনে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সন্ত্রাসী সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা নিজেদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাত ১টা ২৫ মিনিটে সুলতানের বসতঘরের চালের কার্নিশের উপর থেকে কাগজে মোড়ানো অবস্থায় অস্ত্র ও মালামাল জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহের মধ্যে রয়েছে- ১টি দেশীয় তৈরি লোহার পিস্তল আকৃতির ওয়ান শুটার গান, ১টি ধারালো ডেগার (বাটসহ ১৮ ইঞ্চি ও বাট ছাড়া ১২ ইঞ্চি লম্বা), ১টি খেলনা পিস্তল, ১টি সুইচ গিয়ার ঈগল চাকু, ২টি পুরাতন চাকু, ১টি খুর চাকু, ৩টি মোবাইল ফোন এবং নগদ ১৬৮৫০ টাকা।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামি সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানায় বহুল আলোচিত চৌকিদারের ছেলেকে হত্যা মামলা, সাইবার সুরক্ষা আইন এবং মারামারিসহ মোট ৪টি মামলা রয়েছে। তারা পূর্বে হত্যা মামলায় আট মাস কারাভোগও করেছেন। অপরাধ সংঘটনের সুবিধার্থে আসামিরা সবসময় সঙ্গে সুইচ গিয়ার ঈগল চাকু বহন করতেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, নওগাঁ জেলাকে অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। যেকোনো ধরনের সন্ত্রাসী বা অসামাজিক কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন