প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রাণী বিনিময় কর্মসূচির আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুর সাফারি পার্কে তিনটি বাঘ আনা হয়েছে। এর বিপরীতে, চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে ছয়টি জেব্রা। নতুনভাবে যোগ হওয়া এই তিনটি বাঘের ফলে পার্কটিতে বাঘের সংখ্যা ৭টি থেকে বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে পৌঁছায়।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান জানান, নতুন আসা বাঘ তিনটিকে বর্তমানে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে এবং তারা স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, নতুন তিনটি বাঘের মধ্যে দুটি মাদী (নারী) এবং একটি মদ্দা (পুরুষ) বাঘ রয়েছে। আপাতত, এদের আলাদা বেষ্টনী বা কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে, পার্কের নির্দিষ্ট বড় বেষ্টনীতে ছেড়ে দিয়ে দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত করা হবে।
সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, বাঘ তিনটি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং বয়সে তরুণ হওয়ায়, প্রজননের মাধ্যমে এদের বংশবৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
পার্ক কর্তৃপক্ষ আরো জানায়, এই বিনিময় চুক্তির আওতায় গত বুধবার ইতিমধ্যে তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি জেব্রাও পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।
এর আগে ২০১৮ সালে প্রাণী বিনিময় কর্মসূচির মাধ্যমে ঢাকা চিড়িয়াখানায় ছয়টি সিংহ দিয়ে গাজীপুর সাফারি পার্কে দুটি জলহস্তী আনা হয়েছিল।
প্রায় ৩ হাজার ৬৯০ একর আয়তনের গাজীপুর সাফারি পার্কে বর্তমানে ৬০ প্রজাতির প্রায় তিন হাজার প্রাণী রয়েছে। উন্মুক্ত পরিবেশে বন্যপ্রাণীর অবাধ বিচরণ দেখতে প্রতিদিন এখানে অসংখ্য দর্শনার্থী ভিড় জমান। বিশেষ করে, সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনগুলোতে গড়ে ৮ থেকে ১০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে বলে পার্ক সূত্রে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন