প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা করার ঘটনায়, পারিবারিক সহিংসতা ও মাদকাসক্তির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মিরাজ আলী (২৪) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। এই সাথে তার বিরুদ্ধে ১০০ টাকা অর্থদণ্ডও আরোপ করা হয়েছে এবং অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিরাজ আলীর বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রদান করেন। অভিযোগের সূত্রে জানা গেছে, হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি গ্রামের মো. জাহিদুল ইসলাম তার ছেলে মিরাজ আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। এই অভিযোগে তিনি উল্লেখ করেন যে, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নেমেছে। একাধিকবার মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে পাঠানো হলেও ফিরে এসে পুনরায় মাদক সেবন করে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।
অভিযোগে আরও বলা হয়েছে, মাদক কেনার জন্য টাকা পাঠাতে না পারলে অভিযুক্ত বাড়ির মালামাল বিক্রি করে, গ্রামে বিভিন্ন বাড়িতে চুরি করার চেষ্টা করে এবং বাধা দিলে পরিবারের সদস্যদের মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়। পূর্বে গাঁজা বিক্রির অভিযোগে মিরাজ আলী দুইবার কারাভোগ করেছে। তার অত্যাচার সহ্য করতে না পেরে তার স্ত্রী তালাক দিয়ে চলে গেছেন।
সর্বশেষ ২২ জুলাই, তার বাবা বাড়িতে অশান্তির সময় কারণ জানতে চাইলে মিরাজ আলী ঘর থেকে একটি করাত এনে বাবার গলায় ধরে খুনের চেষ্টা করে। এই সময় তার মা এগিয়ে এলে তাকেও হত্যার উদ্দেশ্যে তেড়ে যায়। পরবর্তীতে তারা দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন। এই ঘটনার পর ভুক্তভোগী বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
ভ্রাম্যমাণ আদালতে শুনানির সময় মিরাজ আলী প্রকাশ্যে মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। এরপর তার বাড়িতে তল্লাশি চালানোর সময় মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি, অভিযোগের বিবরণ এবং ঘটনার চিত্রের আলোকে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক, পারিবারিক সহিংসতা এবং জনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন