প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তাই বিশ্বকাপের হতাশা পেছনে ফেলেছেন তিনি এবং আবারও ক্লাব ফুটবলে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন।
সম্প্রতি সান্তোসের ঐতিহ্যবাহী সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে ফিরে গেছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।
তবে অনুশীলনে ফিরে আসার প্রথম দিনেই মাঠে নামেননি নেইমার। তিনি সময় কাটিয়েছেন জিমনেসিয়ামে ঘাম ঝরিয়ে এবং ফিজিওলজিক্যাল ল্যাবে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে। অবনমনের শঙ্কায় থাকা সান্তোসের জন্য তার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর হয়ে এসেছে।
সম্প্রতি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস বোটাফোগোর কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে। ম্যাচে আলভারো বারিয়ালের গোলে সমতায় ফিরলেও যোগ করা সময়ে গোল হজম করে হার এড়াতে পারেনি দলটি। ফলস্বরূপ, ক্লাবটি অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে।
এমন কঠিন সময়েই অনুশীলন কেন্দ্রে নেইমারের উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সান্তোসের ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলার মাঠের অনুশীলনে অংশ না নিলেও ইনডোর ওয়ার্কআউটের পাশাপাশি ফিটনেস মূল্যায়নের বিভিন্ন ধাপ সম্পন্ন করেছেন।
গত ১৭ মে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নেমে ছিলেন নেইমার। নিও কিমিকা অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচে তার দল ৩-০ গোলে পরাজিত হয়। ওই ম্যাচের পরদিনই তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পান।
চলতি মৌসুমের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা নেইমার প্রায় দুই মাস ধরে ক্লাবের হয়ে কোনো ম্যাচ খেলেননি। এই সময়ের মধ্যে তিনি ব্রাজিলের হয়ে নিজের চতুর্থ বিশ্বকাপে দুটি ম্যাচে অংশ নিয়েছেন এবং পেনাল্টি থেকে একটি গোল করেন।
ক্লাবের হয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও জাতীয় দলের জার্সিতে ৮০ গোল করা নেইমার এখনো ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই ভিলা বেলমিরো স্টেডিয়ামে শাপেকোয়েনসের বিপক্ষে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ২০তম রাউন্ডের ম্যাচে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যেতে পারে ব্রাজিলের এই মহাতারকাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন