প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে মেয়ের বিয়ের আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। বাড়িতে চলছে কেনাকাটা এবং অন্যান্য প্রস্তুতি। এর মধ্যেই ওমান থেকে বাবার মৃত্যুর খবর এসে পৌঁছেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোহাম্মদ আজমির উদ্দিন স্ট্রোক করে মারা গেছেন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।
আজমির উদ্দিন হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বান্দাখালী গ্রামের মৃত নবির উদ্দিনের পুত্র। পাঁচ বছর আগে তিনি পরিবারের ভাগ্য পরিবর্তন এবং সন্তানদের ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে ওমানে যান। সেখানে তিনি জেলে হিসেবে কাজ করতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
ওমানে অবস্থানরত প্রবাসী রাজু উদ্দিন জানান, বসে থাকা অবস্থায় হঠাৎ করে পড়ে যান আজমির উদ্দিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মো. সমির উদ্দিনের বক্তব্য অনুযায়ী, আজমির উদ্দিনের বড় মেয়ে নিপা আক্তারের বিয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই উপলক্ষে বাড়িতে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিঝুমদ্বীপের বাসিন্দা কেফায়েত হোসেন নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, পরিবারের চাহিদা অনুযায়ী মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন