প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩০ শতাংশের নিচে পাশের হার থাকা ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে কুমিল্লা বোর্ড। পাশাপাশি, মঙ্গলবার বোর্ডের জরুরি সভায় সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের উপস্থিত থাকার জন্য চিঠি পাঠানো হয়েছে।
বোর্ডের সূত্রে জানা গেছে, তলব হওয়া ৭৯ প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলার সবচেয়ে বেশি ৩১টি কলেজ রয়েছে। এছাড়া, নোয়াখালীতে ১৫টি, চাঁদপুরে ১৩টি, লক্ষ্মীপুরে ১১টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৫টি এবং ফেনীতে ৪টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এইচএসসিতে ৩০ শতাংশের কম শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় কেন ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা স্পষ্ট কারণসহ লিখিতভাবে জানাতে হবে। এছাড়া, মঙ্গলবার সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে অধ্যক্ষদের বিগত পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক নথিপত্রসহ হাজির থাকতে বলা হয়েছে।
বোর্ড আরও জানায়, এবারের কুমিল্লা বোর্ডে গড় পাশের হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
এদিকে, রোববার শোকজ নোটিশ পাওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অধ্যক্ষ জানান, এবারই প্রথম এইচএসসিতে সব বোর্ডের অভিন্ন কঠিন প্রশ্নপত্র হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষক উভয়ই বিপাকে পড়েছেন।
তাদের মতে, অনেক কলেজে বিজ্ঞান, আইসিটি, গণিত ও ইংরেজির মতো বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে কঠিন প্রশ্নপত্রের মাধ্যমে ভালো ফলাফল প্রত্যাশা করা দুঃখজনক বলে মন্তব্য করেন তারা।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ জানতে সংশ্লিষ্ট অধ্যক্ষদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। লিখিত জবাবের পাশাপাশি তাদের সঙ্গে সরাসরি আলোচনা করে ফলাফল উন্নয়নের উপায় নিয়ে মতামত নেওয়া হবে। তবে কারও ব্যাখ্যা সন্তোষজনক না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন