প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দুর্নীতি দমন কমিশন (দুদক) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করে। হাইকোর্ট এ বিষয়ে ব্রিফিং কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। আদালত অনুসন্ধান বা তদন্তাধীন বিষয়ে এ ধরনের বক্তব্য প্রচারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে। দুদককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এ আদেশ প্রদান করেন। আসিফ মাহমুদের করা রিটের শুনানি শেষে আদালত এ রুল জারি করেছে।
গত ২৮ সেপ্টেম্বর আসিফ মাহমুদ হাইকোর্টে রিট দায়ের করেন, যেখানে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। তিনি দাবি করেন, ২ ও ১৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অনুষ্ঠিত দুটি প্রেস ব্রিফিং বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত। পাশাপাশি অনুসন্ধান বা তদন্তাধীন বিষয়ে ভবিষ্যতে এ ধরনের সংবাদ সম্মেলন থেকে দুদককে বিরত রাখার নির্দেশনার আবেদনও জানানো হয়।
রিটে উল্লেখ করা হয়েছে, ইতিমধ্যে প্রচারিত বক্তব্য প্রত্যাহার করে সমগুরুত্ব দিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়ার জন্য বলা হয়েছে। সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে করা এ রিটে দুদক চেয়ারম্যান, কমিশনের উপপরিচালক ও সহকারী পরিচালককে বিবাদী করা হয়েছে।
এর আগে, ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়। পরে অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়। ৪ নভেম্বর বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখে।
বুধবার আদালতে আসিফ মাহমুদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, মো. ইউসুফ আলী ও জহিরুল ইসলাম মুসা। দুদকের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান খান উপস্থিত ছিলেন।
দুদকের দুই ব্রিফিং নিয়ে আপত্তি
রিটের বিবরণ অনুযায়ী, ২ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কমিশনের উপপরিচালক জানান, আসিফ মাহমুদ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগে ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে রিটে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা অনুসন্ধান শেষের ফলাফল হতে পারে। অনুসন্ধান শুরুর সময় এ ধরনের বক্তব্য দেওয়ার আইনি এক্তিয়ার দুদকের নেই।
এরপর ৯ সেপ্টেম্বর দুদকের সচিব গণমাধ্যমের প্রশ্নের জবাবে ওই বক্তব্যকে ‘স্লিপ অব দ্য টাং’ বা মুখ ফসকে বলা কথা বলে উল্লেখ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাও সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল ছিল বলে স্বীকার করেন। তবে বক্তব্য প্রত্যাহারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ও স্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলে রিটে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ১০ সেপ্টেম্বর দুদককে আইনি নোটিশ পাঠানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। পরে ১৩ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক আরেকটি প্রেস ব্রিফিং করেন। সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, জেলাপ্রশাসক পদায়ন, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র এবং বিদেশে অর্থপাচারসহ নানা অভিযোগ তুলে ধরা হয়।
অভিযোগ ভিত্তিহীন দাবি আসিফের
রিটে আসিফ মাহমুদ দাবি করেন, দুদকের ব্রিফিংয়ে উত্থাপিত অভিযোগগুলো ভিত্তিহীন ও অসত্য। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তার অতিরিক্ত দায়িত্ব বাতিলের বিষয়টি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের পর মন্ত্রণালয়ের আদেশে হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির বিষয়টিও রিটে তুলে ধরা হয়। আসিফের দাবি, তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার প্রায় পাঁচ মাস পর, ২০২৬ সালের ১১ মে ওই পদোন্নতি কার্যকর হয়। তার পদত্যাগের তারিখ ছিল ২০২৫ সালের ১১ ডিসেম্বর। ফলে এ পদোন্নতির সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই।
রিটে আরও বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থিতা ঘোষণার পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করতে এসব ব্রিফিং করা হয়েছে। এর মাধ্যমে গণমাধ্যমে তার বিরুদ্ধে এক ধরনের ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আবেদনে বলা হয়, অনুসন্ধানাধীন বিষয়ে এ ধরনের বক্তব্য সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা ব্যক্তিত্ব ও সুনামের সুরক্ষার অধিকারের পরিপন্থি। একই সঙ্গে এটি দুদকের ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১’-এরও লঙ্ঘন।
আসিফ মাহমুদের আইনজীবী মো. ইউসুফ আলী বলেন, দুদকের প্রেস ব্রিফিং সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং কমিশনের নিজস্ব তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন।
এর আগে ২৯ সেপ্টেম্বর রিটের বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক বলেছিলেন, দুদকের প্রেস ব্রিফিংকে চ্যালেঞ্জ করে করা রিট গ্রহণযোগ্য নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন