প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের পশ্চিমাঞ্চলে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ঘটেছে বর্জ্যের বিশাল স্তূপ ধসের ঘটনা। এই ধসটি প্রশাসনিক ভবনের ওপর এসে পড়ে, যার ফলে অন্তত নয় শ্রমিকের মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে ভারী বৃষ্টিপাতের পর ঘটে এই দুর্ঘটনা। কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান সোমবার এই ভয়াবহ ঘটনার তথ্য জানায়।
গত বুধবার পুনের উপকণ্ঠে অবস্থিত অ্যান্টনি ওয়েস্ট প্ল্যান্টে ঘটে এই দুর্ঘটনা। পাশের একটি ল্যান্ডফিল থেকে কয়েক হাজার টন বর্জ্যের স্তূপ ধসে পড়ে প্রশাসনিক ভবনের ওপর। এই ঘটনায় ভবনের ভেতরে থাকা ২৩ জন কর্মী আটকা পড়ে।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ‘টানা বৃষ্টির কারণে পাশের ল্যান্ডফিলের কয়েক হাজার টন বর্জ্য অস্থিতিশীল হয়ে পড়ায় এই ঘটনা ঘটে। ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তখন সেখানে ২৩ জন কর্মী উপস্থিত ছিলেন।’ দুর্ঘটনায় নয়জন নিহত হন। অন্যদিকে, বাকি ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। কেন্দ্রটির কর্মকর্তারা আরও জানান, টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়েছে।
ভারতের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষা মৌসুমে প্রায়ই ভবন এবং নির্মাণসংক্রান্ত দুর্ঘটনা ঘটে। বিশেষ করে টানা বৃষ্টিতে পুরোনো এবং জরাজীর্ণ স্থাপনা অনেক সময় ধসে পড়ে।
কাঠামোগত অবস্থা ও নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে। আবহাওয়া পূর্বাভাসকারীরা উল্লেখ করেছেন, চলতি বছরে সম্ভাব্য শক্তিশালী এল নিনো দেশটির স্বাভাবিক আবহাওয়ার ধরণেও পরিবর্তন আনতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন