প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি-সিংড়াতলী নতুন সড়ক নির্মাণে ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। বর্ষা মৌসুমে সড়কটি ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা প্রকৌশলী জানান, পুরোনো রাস্তার রিকভারি করা (সেলভেজ) কিছু খোয়া ব্যবহারের কারণে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শ্রীপুর প্রকৌশল অফিসের বাস্তবায়নে গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন (জিডিআরআইডিপি) প্রকল্পের আওতায় বিন্দুবাড়ি-সিংড়াতলী সড়ক উন্নয়নে ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ১ হাজার ৫০০ মিটার নতুন সড়ক নির্মাণে অনিয়ম ও নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট করেছেন। পরে স্থানীয়রা নিম্নমানের খোয়া ব্যবহারের বিষয়ে অভিযোগ তোলেন।
স্থানীয়দের অভিযোগ, এলজিইডি কর্তৃপক্ষের তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান এসব অনিয়ম করার সুযোগ পেয়েছে। সড়কটি পূর্বে মাটির ছিল এবং স্থানীয়দের দুর্ভোগের শেষ ছিল না। স্থানীয়দের দাবির পর নির্মাণকাজ শুরু হয়েছে। অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিকভাবে ও ফোনে জানানো হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
পুরনো কাদামাটির সড়কে কাদার ওপরেই ইট-খোয়া ফেলে কাজ শুরু করা হয়েছে। অথচ প্রথমে সড়কে মাটি কাটার কথা ছিল এবং পরে বালু ভরাটের কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের পুরোনো মাটি না কেটে ইট-খোয়া-বালু দিয়ে কাজ করেছে। এতে সড়কটির স্থায়িত্ব ও কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। বর্ষা মৌসুমে সড়কটি ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় কয়েকজন সাংবাদিক শ্রীপুর উপজেলা প্রকৌশল অফিসে গিয়ে সড়ক উন্নয়ন বিষয়ে তথ্য জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া বলেন, "সকাল থেকে এই কাজের ফাইলটি পাওয়া যাচ্ছে না, তাই সঠিক তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।" ফাইল খুঁজে না পাওয়ার কারণে সড়কটির উন্নয়নের কাজ কবে থেকে শুরু হয়েছে এবং কবে নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে, তা জানাতে পারেনি সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ।
তবে আমজাদ ট্রেডার্সের লোকজনকে ফোন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের ২৬ জুলাই ওই সড়ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন ব্যক্তি বলেন, সড়ক নির্মাণে অনিয়ম ধরা কঠিন। কারণ, স্থানীয়রা কাজের ধরন জানেন না। যখন সড়কে নিম্নমানের খোয়া দেওয়া হচ্ছে, তখনই কিছু লোক বিষয়টি বুঝতে পারেন। কিন্তু উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করে।
স্থানীয় বাসিন্দা জাকির হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, "খুবই নিম্নমানের খোয়া দিয়ে রাস্তার কাজ চলছে।" উপজেলা প্রকৌশলীকে একাধিকবার ফোন করে বিষয়টি জানানো হলেও তিনি শুধু "দেখছি" বলেই দায় সেরেছেন, কিন্তু সরেজমিনে আসেননি।
আরেক বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, "এটি কোনো টেকসই কাজ হচ্ছে না।" এক কোটি টাকার বেশি বাজেটের রাস্তায় যদি এমন পোড়া ইটের গুঁড়ো ও নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়, আগামী বর্ষার শুরুতেই রাস্তা আবার নষ্ট হয়ে পূর্বের অবস্থায় ফিরে যাবে। তিনি বলেন, সরকারি বড় অঙ্কের বাজেট থাকার পরও নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দাপ্তরিক ফাইল ‘গায়েব’ হওয়ায় কাজের মান নিয়ে অনিশ্চয়তা থাকে। এলাকাবাসীর দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কাজের গুণগত মান নিশ্চিত করে টেকসই রাস্তা নির্মাণ করা হোক।
ঠিকাদারি প্রতিষ্ঠান আমজাদ ট্রেডার্সের প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, "সড়কে কোথাও অনিয়ম বা নিম্নমানের কাজ হয়নি। এগুলো অটো ব্রিকসের খোয়া এবং টেস্টের ফলাফল ভালো।"
শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান বলেন, "আমরা বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখব।" পুরোনো রাস্তার রিকভারি করা (সেলভেজ) কিছু খোয়া ওপরে দেওয়াতে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, "আমি ওই সড়ক পরিদর্শন করেছি। কোনো ধরনের ব্যত্যয় পাইনি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন