প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার এবং অপরজন সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।
বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাঁদের বরখাস্তের নির্দেশনা জারি করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উক্ত প্রজ্ঞাপন দুটি প্রকাশিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী আদেশে স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলে কর্মরত আছেন। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে একই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের সময় তাঁকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হবে এবং এ সময় তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত আছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, দেব্রত সরকারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে বিধিমালার ১২(১) অনুযায়ী তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তাঁকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাখা হবে এবং এ সময় তিনিও বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন