প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে সমুদ্রের পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। প্রশাসন কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের কক্সবাজারে ফিরে আসা সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ সেখানে অবস্থান করছেন।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানিয়েছেন, সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম মন্তব্য করেন, ‘দ্বীপে এক হাজারের বেশি পর্যটক অবস্থান করছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফেরার ব্যবস্থা হবে।’
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর চট্টগ্রাম দপ্তর এ নির্দেশনা জারি করেছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত থাকায় কক্সবাজার-সেন্ট মার্টিনসহ বিভিন্ন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সেন্ট মার্টিন যাওয়ার জন্য আগাম টিকিট কাটা পর্যটকদের ভ্রমণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তবে স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আবহাওয়া অনুকূলে এলে তারা একই টিকিটে পরবর্তী সময়ে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণ সম্ভব না হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
গত ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। চলতি মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত্রিযাপন করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন