প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রেমের সম্পর্কের পর বিয়ের পরেও স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়ার অভিযোগে স্বামী রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আর্নি আক্তার অনামিকা।
তিনি অভিযোগ করেছেন যে, বিয়ের পর স্বামী ব্যবসার কথা বলে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন, কিন্তু পরে বিয়ে নিবন্ধনে নানা টালবাহানা শুরু করেন। বর্তমানে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা এবং দাবি করেছেন যে, তার গর্ভে যমজ সন্তান রয়েছে।
অনামিকা কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত তিন দিন ধরে স্বামীর স্বীকৃতি, অনাগত সন্তানের অধিকার ও নিরাপত্তার দাবিতে অবস্থান করছেন।
স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে প্রতিকার না পেয়ে তিনি ২৫ আগস্ট আদালতে স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।
তিনি বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের মাওলানা ভাসানি সড়কের বাসিন্দা। তার বাবার নাম রফিক মির্জা। অভিযুক্ত রাসেল মিয়া (২৬) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোস্তফা মিয়ার ছেলে।
অনামিকার অভিযোগ, ঢাকায় রাসেলের সঙ্গে পরিচয়ের পর প্রায় দুই মাস কথাবার্তা হয়। একপর্যায়ে রাসেল তাকে বিয়ের প্রস্তাব দেন এবং পরবর্তীতে একজন হুজুরের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।
তিনি জানান, বিয়ের পর রাসেল ব্যবসার কাজে প্রায় আট মাস মিশরে ছিলেন। দেশে ফিরে ঢাকায় কিছুদিন তার সঙ্গে থাকার পর গ্রামে চলে যান। পরে ২০২৫ সালের ডিসেম্বরে তাকে কুড়িগ্রামে নিয়ে আসেন। প্রথমে ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকায় রাসেলের মামার বাড়িতে ১০ দিন থাকার পর তাকে নিজের বাড়িতে নিয়ে যান।
অনামিকা জানান, সেখানে চার মাস থাকার পর রাসেল ব্যবসায় লোকসানের কথা বলে পাঁচ লাখ টাকা চান। বিয়ে নিবন্ধনের আশ্বাসে বাবার জমি ও নিজের গহনা বিক্রি করে ওই টাকা দেন তিনি। তবে নিবন্ধনের জন্য চাপ দিলে রাসেল ও তার পরিবারের সদস্যরা নানা টালবাহানা শুরু করেন।
তিনি দাবি করেন, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা এবং তার গর্ভে যমজ সন্তান রয়েছে। এই খবর জানালে স্বামী ও তার পরিবার তা মেনে নেননি এবং উল্টো তাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।
রাসেল মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর চন্দ্র রায় গণমাধ্যমকে জানান, মামলায় পাঁচজন আসামি রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি রাসেল মিয়া ও বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, অভিযোগকারী নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা এবং তার গর্ভে যমজ সন্তান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন