প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হেনরি নিকোলসের সেঞ্চুরির পর গ্লেন ফিলিপসও সেঞ্চুরি ইনিংস উপহার দিয়েছেন। তাদের দুইশোর্ধো জুটিতে নিউজিল্যান্ড ধ্বস সামাল দিতে সক্ষম হলেও বড় সংগ্রহ গড়তে পারেনি। ভারত শক্ত অবস্থানে থেকে দিন শেষ করেছে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ফিফটিতে।
শুক্রবার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ১৫৯ রান। রাহুল ১১৬ বলে পাঁচ চারে ৫২ রানে ব্যাট করছেন। দেবদুত পাডিক্কাল ৩৫ বলে তিন চারে ১৬ রানে খেলছেন।
এর আগে, নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৬৮ রান তোলে, যেখানে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের সেঞ্চুরি ছিল উল্লেখযোগ্য।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ব্যাটিংয়ে নেমে ভারতের দুই ওপেনার শুরুতে কিছুটা ভাগ্যের সহায়তা পান। প্রথম রান তুলতে তাদের পাঁচ ওভার লেগে যায়। তবে একবার ছন্দে ফেরার পর জয়সওয়াল নিউজিল্যান্ডের বোলারদের চাপে ফেলেন আগ্রাসী ব্যাটিংয়ে।
৮৯ বলে ১৬টি চারে ৮৫ রান করা জয়সওয়াল শেষ পর্যন্ত ম্যাট হেনরির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম রিভিউ নেওয়ার পর প্রযুক্তির সহায়তায় তার ব্যাটের ক্ষীণ স্পর্শ ধরা পড়ে। অন্য প্রান্তে রাহুল ধৈর্যশীল ব্যাটিং করেন।
নিউজিল্যান্ডের ষষ্ঠ উইকেট জুটিতে ২১৬ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পর ভারতের এমন শুরু ছিল অত্যন্ত প্রয়োজনীয়।
ম্যাচের চতুর্থ বলেই ক্রিজে নামা হেনরি নিকোলস ১৭৫ রানে অপরাজিত থাকেন। ব্যাটিং সঙ্গীর অভাবে ইনিংস শেষ না করেই তাকে ফিরে যেতে হয়। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০২৩ সালে একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ২০০ রান করেছিলেন তিনি।
রাতের স্কোর ৯৪ রান থেকে দিন শুরু করা গ্লেন ফিলিপস দিনের খেলায় একটি ভয়ঙ্কর মুহূর্তের মুখোমুখি হন। আকাশ দীপের থ্রো তার হেলমেটে আঘাত হানে। তবে সেটি সামলে নিয়ে খেলা শুরুর প্রায় ২০ মিনিট পর কভারের মধ্য দিয়ে তিন রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন তিনি।
এটি ছিল টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি অলরাউন্ডার ফিলিপসের। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে দ্য ওভালে প্রথম টেস্ট শতক করেছিলেন তিনি।
দিনের খেলা শেষে ফিলিপস বলেন, “হেনরি (নিকোলস) এমন একজন ব্যাটার, যার সঙ্গে ব্যাটিং করতে সবসময়ই ভালো লাগে। ভারতীয় বোলাররা কয়েকটি স্পেলে দুর্দান্ত বোলিং করেছে এবং আমরা তখন চাপ সামলানোর চেষ্টা করেছি। পরে সুযোগ পেয়ে আমরাও তাদের ওপর চাপ সৃষ্টি করতে পেরেছি।”
চলতি বছরে ভারতের বিপক্ষে ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা ফিলিপস ১১৮ রান করে আউট হন। আকাশ দীপের দুর্দান্ত একটি ডেলিভারি ব্যাট এড়িয়ে অফ স্টাম্পের মাথা উড়িয়ে দিলে তার ইনিংসের সমাপ্তি ঘটে। দীপ শেষ পর্যন্ত ৩ উইকেট নেন ৫৩ রানে।
নিউজিল্যান্ডের শেষ চার উইকেটে যোগ হয় আরও ৮২ রান। নাথান স্মিথ করেন ১৪ রান, আর কাইল জেমিসন যোগ করেন ১১ রান।
ভারতের পেস আক্রমণের নেতা জাসপ্রিত বুমরাহ ৯২ রানে ৪ উইকেট নেন। দ্বিতীয় দিনে ম্যাট হেনরিকে এলবিডব্লিউ করে তিনি নিজের উইকেটসংখ্যা বাড়ান। প্রথম দিনও তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডের শীর্ষ সারিকে ধসিয়ে দিয়েছিলেন বুমরাহ। স্বাগতিকদের স্কোর এক পর্যায়ে ছিল ৫ উইকেটে ৭০ রান।
দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ২৪৩/৫) ১২১ ওভারে ৩৬৮ (নিকোলস ১৭৫*, ফিলিপস ১১৮, স্মিথ ১৪, জেমিসন ১১, হেনরি ১, ডাফি ৪; বুমরাহ ২৯-৮-৯২-৪, কাম্বোজ ২৩-৫-৬৯-২, আকাশ ২৩-৭-৫৩-৩, প্রাসিধ ২৬-২-১০০-১, সুন্দার ২০-২-৪৫-০)
ভারত ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৫৯/১ (জয়সাওয়াল ৮৫, রাহুল ৫২*, পাডিক্বাল ১৬*; হেনরি ১২-৩-৪৩-১, জেমিসন ১১-৫-১৫-০, ডাফি ১০-০-৭২-০, স্মিথ ৬-০-২৯-০)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন